রাজনীতি
আওয়ামী লীগের ভোটারদের বড় অংশ বিএনপিকে ভোট দেবে
সাম্প্রতিক এক মতামত জরিপে উঠে এসেছে, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন—তাদের প্রায় অর্ধেক এবার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, সাবেক আওয়ামী লীগ ভোটারের ৪৮ দশমিক ২ শতাংশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ জানান, দেশের ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনে ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর এই জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপটি ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে সম্পন্ন হয়।
জরিপে দেখা যায়, নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভোটাররা দুর্নীতিকে প্রাধান্য দিচ্ছেন। ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতির বিষয়টিকে ভোটের সিদ্ধান্তে প্রভাবক হিসেবে দেখছেন। এছাড়া ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার ধর্মকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়ও ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে।
জরিপের তথ্য অনুযায়ী, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেবেন, ২৯ দশমিক ৯ শতাংশ এবার জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এবং ১৩ শতাংশ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা বলেছেন। ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।
এদিকে ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার আগ্রহ জানিয়েছেন। এই শ্রেণির ২৭ শতাংশ বিএনপি ও ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। ১৮ দশমিক ৬ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি।