রাজনীতি
আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা
আর মাত্র চারদিন বাদেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত বিএনপি। টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় সরাসরি অংশগ্রহণ করে বক্তব্য রাখতে যাচ্ছে দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের জনসভা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন কমিটির মুখপাত্র মাহদী আমিন।
সূচি অনুযায়ী, রবিবার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে জনসভা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর ধারাবাহিকভাবে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ এবং সবশেষে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে বক্তব্য রাখবেন তিনি।
পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন তারেক রহমান। এই দিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন এবং ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে তিনি তার নির্বাচনি সফর শেষ করবেন।
প্রতিটি জনসভাই নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে যাতে সাধারণ ভোটারদের কাছে বার্তা পৌঁছানো সহজ হয়।