রাজনীতি
কালীগঞ্জে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ টি ফলাফল শিট জব্দ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের একটি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার পরপরই কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়। পরে সেগুলো বাতিল করে নতুন ফলাফল শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের এক পোলিং এজেন্ট ওই ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছিলেন। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন কোনো মন্তব্য পাওয়া যায়নি।