রাজনীতি
পরিকল্পিতভাবে হাতপাখার প্রার্থীদের হারানো হয়েছে: ফয়জুল করীম
জাতীয় সংসদ নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং ও সারাদেশে হাতপাখা প্রার্থীদের পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফয়জুল করীম বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এই অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ব্যাংক-এ একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই বলে তিনি দাবি করেন। এমন একজন ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বসানোয় ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান ।
তিনি বলেন, সরকারকে মনে রাখতে হবে ব্যাংকিং খাতে ধস নামলে তার ভুক্তভোগী হবে দেশের জনগণ। ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না
এসময় ইফতার অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।