রাজনীতি
ভিডিওতে বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ
বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ওই ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তা একটি ক্লোজড গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর তিনি বলেন, এ ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। তার ভাষায়, এ ধরনের কাজ করা কোনোভাবেই উচিত হয়নি।
হাসনাত আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, সে বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ এক শিশুকে প্রশ্ন করেন, “মির্জা আব্বাস কী?” উত্তরে শিশুটি বলে, “মির্জা আব্বাস চাঁদাবাজ।” ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই দুঃখ প্রকাশ করেন এনসিপির এই নেতা।