রাজনীতি

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ক্ষমা চাইলেন রাশেদ প্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ক্ষমা চাইলেন রাশেদ প্রধান
রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব–এ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, অতীতে তিনি দাবি করে আসছিলেন যে জিয়াউর রহমান ও খালেদা জিয়া–এর আদর্শ থেকে বর্তমান বিএনপি সরে এসেছে। ১৫ এপ্রিল এক আলোচনায় একই বক্তব্য দিতে গিয়ে ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করায় বিতর্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘কুলাঙ্গার’ শব্দটির অর্থ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তার ব্যাখ্যায়, এটি এমন ব্যক্তিকে বোঝায় যার কর্মকাণ্ডে তার বংশ কলঙ্কিত হয়। তবে এই শব্দ ব্যবহারে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ায় তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের শব্দ ব্যবহার থেকে বিরত থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, তাকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক মাধ্যমে তার স্ত্রীর ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত সহকারী পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।

রাশেদ প্রধান স্পষ্ট করে বলেন, তার এই মন্তব্য ১১ দলীয় জোটের অবস্থান নয়, বরং এটি তার ব্যক্তিগত মতামত। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার ঘটনাকে তিনি ভিত্তিহীন ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সরকারের অবস্থান কী হয়—সেটি দেখার জন্য তিনি অপেক্ষা করছেন।