রাজনীতি
৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টি মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ৭২-এর সংবিধান মোতাবেক বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারি দল কিছু মূলধনকে পুঁজি করে যে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে, তা ইতোমধ্যে ঋণখেলাপিতে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি ‘ইন্ডাস্ট্রি’ তৈরি করেছে, যা সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন প্রজন্ম সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের নতুন স্বপ্ন নিয়ে সামনে এসেছে।
তিনি আরও বলেন, যে পুঁজি ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে, সেটিকে কেন্দ্র করে আবারও ৭২-এর সংবিধান নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তার দাবি, বিএনপির রাজনীতি, আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই।
বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কি না। তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন সেই আসনে বসে আছেন।
বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। যারা বাহাত্তরের সংবিধান নিয়ে রাজনীতি করছেন, তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না।