রাজনীতি

জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী 
ছবিঃ সংগৃহিত

গণভোট ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থানকে ‘আধা প্রেম ও আধা প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, আমি বিরোধীদলীয় নেতাসহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২৬’-এ বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তার বিরোধিতা করেনি জামায়াতে ইসলামী। 

মন্ত্রী বলেন, এই আইনের সংশোধনীতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরের (মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, আল-বদর, আল-শামস ও রাজাকার) বিরুদ্ধে সংগ্রামকারীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এনসিপিও এই আইনে লিখিতভাবে অনুসমর্থন জানিয়েছে। আইনের এই প্রয়োগ ও ব্যাখ্যার মাধ্যমে এটিই প্রতিষ্ঠিত হলো যে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিল এবং কারা খুন ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল।

আইনমন্ত্রী আরও বলেন, আজ যারা এই সংসদে উপস্থিত হয়েছি, মাত্র দুই বছর আগেও আমরা নির্যাতিতের পক্ষে ছিলাম। তখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল, একদিকে ছিল গুটিকয়েক লুটেরা ও খুনি ফ্যাসিস্ট এবং অন্যদিকে ছিলাম আমরা সাধারণ জনগণ। এই লড়াইয়ে আপনারা এবং আমরা সবাই একসঙ্গে ছিলাম।