রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী 
ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হোসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলটির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ মোট চারজন নেতাও ইরান সফরে যাচ্ছেন।

এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে। একই সঙ্গে এনসিপিরও ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

অন্যদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলটির একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।