রাজনীতি
এমপি নিলোফার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করল ছাত্রদল সভাপতি রাকিব
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনির একটি বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, ‘জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম।’
গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ছাত্রদল সভাপতি পোস্টে লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’
তিনি আরও লেখেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাই এর চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।’