রাজনীতি

শেখ হাসিনা ফিরলে লাখো কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে: নাহিদ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

শেখ হাসিনা ফিরলে লাখো কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে: নাহিদ 
ছবিঃ সংগৃহীত

২০২৪ এর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরলে লাখো কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

গতকাল সোমবার (০৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আপামর জনগণ, ১৪০০ শহিদ পরিবার, তিন লাখ আহত এবং লাখো কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরবো না।

তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা জনগণের প্রতিরোধের মুখে পড়বে। 

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস ও হিম্মত আছে, তা মাঠে নামলেই দেখা যাবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।