রাজনীতি
তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন। দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।’
আজ সোমবার (১৭ আগস্ট) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হালুয়াঘাট পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
প্রিন্স বলেন, আব্দুল আজিজ খান ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি কর্মসূচিতে তিনি নিষ্ঠার সঙ্গে অংশ নিয়েছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুঃসময়ে তিনি দলের পাশে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আজিজ খান শুধু একজন রাজনৈতিক কর্মী বা নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন। নেতাকর্মীদের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর ত্যাগ, আদর্শ ও মানবিক কর্মকাণ্ড আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ও কাজী ফরিদ আহমেদ পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।