রাজনীতি
মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে দেশের কল্যাণে কাজ করার জন্য তার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। দীর্ঘদিন একসঙ্গে কর্মজীবন কাটানোর কথা উল্লেখ করে অলি আহমদ বলেন, মির্জা ফখরুলের কাছ থেকে তারা ভালো কিছু প্রত্যাশা করেন। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করারও আহ্বান জানান তিনি।
নিজের নির্বাচনী ফলাফল নিয়ে অলি আহমদ বলেন, যারা তাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। বিভিন্ন সংস্থার জরিপে জনগণের ৬৮ থেকে ৭০ শতাংশ সমর্থন তিনি পেয়েছেন বলে দাবি করেন অলি আহমদ। বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮, ২৯ অথবা ৩১ শতাংশ ভোট পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অলি আহমদের দাবি, এর মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে।
রাষ্ট্রপতির ক্ষমতা ও বর্তমান সাংবিধানিক কাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে অলি আহমদ বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে সবাই অবগত। বঙ্গভবনের ভেতরে থাকা মাজার ও মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সাংবিধানিক সুযোগ নেই।
তিনি আরও বলেন, আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।