রাজনীতি

ইসরায়েলি নাগরিক মেন্দি সাফাদির সঙ্গে দেখা হয়েছিল: স্বীকার করলেন নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম

ইসরায়েলি নাগরিক মেন্দি সাফাদির সঙ্গে দেখা হয়েছিল: স্বীকার করলেন নুর
ইসরায়েলি নাগরিক মেন্দি সাফাদির সঙ্গে নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাতের ঘটনা স্বীকার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়নে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সেমিনারে এ স্বীকারোক্তি দেন তিনি।

সেমিনারে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ নুরের সাফাদির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তোলার পর প্রতিক্রিয়ায় নুর বলেন, “স্যার (কলিমুল্লাহ) একটু বাড়িয়ে বলছেন, যা বিভ্রান্তি তৈরি করতে পারে। বাইরে গেলে অনেকের সঙ্গেই দেখা হয়—সেটা হতেই পারে।”

তিনি বলেন, “ঘটনার সময় আমি বিভিন্ন বিড়ম্বনায় ছিলাম। একটা কফিশপে দাঁড়িয়ে ছবি তোলা হয়েছিল, তবে কফি, মিটিং বা রাজনৈতিক আলাপ কিছুই হয়নি।”

২০২৩ সালে মধ্যপ্রাচ্য সফরের সময় মেন্দি সাফাদির সঙ্গে নুরের দেখা হওয়ার খবর চাউর হলে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় ওঠে। সে সময় নুর এসব অভিযোগকে ‘ষড়যন্ত্র’ ও ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার নিজ মুখে সাক্ষাতের কথা স্বীকার করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

গোলান মালভূমির বাসিন্দা ও ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি আগে ইসরায়েলি মন্ত্রী আয়ুব কারারের চিফ অব স্টাফ ছিলেন। তিনি বর্তমানে "সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি" নামের একটি সংগঠন পরিচালনা করেন। যদিও সংস্থাটির প্রকৃত উদ্দেশ্য ও অর্থায়ন নিয়ে রয়েছে বিতর্ক।

সিরিয়া, কুর্দিস্তান এবং বাংলাদেশ—এই তিন অঞ্চলে বিশেষ আগ্রহ রয়েছে বলে নিজেই দাবি করেছেন সাফাদি। এমনকি ঢাকার হলি আর্টিজান হামলা নিয়ে তার সংগঠন একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

সেমিনারে অধ্যাপক কলিমুল্লাহ জানান, স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। তবে ভারতের বিরোধিতার কারণে সেই চেষ্টার বাস্তবায়ন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “ইসরায়েলের নাগরিক মেন্দি সাফাদি আসলে ইহুদি নন, তিনি একজন দ্রুজ মুসলিম। মুসলমান হিসেবে আরেক মুসলমানের সঙ্গে দেখা করা অপরাধ হতে পারে না।” তবে সঞ্চালক জিল্লুর রহমান এ বক্তব্য সংশোধন করে জানান, দ্রুজ ধর্ম একটি আলাদা ধর্ম, ইসলাম নয়।

নুর–সাফাদি সাক্ষাতের ছবি ও ভিডিও কাতার, ভারত ও দুবাইয়ে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ নজর দেয়। এরপর থেকেই নুর খানিকটা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন। তবে নুর তার অবস্থানে অনড় থেকে বারবার বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।”

যদিও বাংলাদেশ এখনো ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, তবে ২০২১ সালে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ’ শব্দটি বাদ দেওয়া হয়। এ নিয়ে তখনও রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা হয়েছিল।

একই সঙ্গে ইসরায়েলি দৈনিক হারেৎজ দাবি করেছিল, বাংলাদেশ সরকার ইসরায়েলি একটি কোম্পানি থেকে নজরদারি প্রযুক্তি কিনেছে। যদিও তৎকালীন সরকার কখনো তা স্বীকার করেনি।