রাজনীতি
তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসন ছাড়লেন পার্থ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ (গুলশান–বনানী) আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর এই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির মিত্র দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি জানিয়েছেন, তারেক রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে আন্দালিব রহমান পার্থ বলেন, “ঢাকা-১৭ আসনের জন্য তারেক ভাই-ই হচ্ছেন সবচেয়ে উপযুক্ত ও শক্তিশালী প্রার্থী। তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মানের জায়গা থেকেই আমি এই আসন থেকে আর মনোনয়নপত্র সংগ্রহ করিনি।” তিনি মনে করেন, তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ এই আসনে বিএনপি ও জোটের অবস্থানকে আরও দৃঢ় করবে।
পার্থ আরও জানান, তিনি ইতোমধ্যে তার পৈতৃক এলাকা ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখান থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে জোটের ভেতরে পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে একই দিন সকালে ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং রাজধানীর অভিজাত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, জোটের অভ্যন্তরীণ সমঝোতা, শীর্ষ নেতৃত্বের প্রতি শরিক দলের সম্মানবোধ এবং কৌশলগত সিদ্ধান্তের ফলেই ঢাকা-১৭ আসনে এই পরিবর্তন এসেছে।
আন্দালিব রহমান পার্থের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত একদিকে জোটের ঐক্যকে আরও সুসংহত করেছে, অন্যদিকে ঢাকা-১৭ ও ভোলা-১—উভয় আসনেই নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে মনোনয়নপত্র দাখিল ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও এর মিত্র দলগুলোর প্রার্থীরা।