রাজনীতি
নতুন গণভোট আয়োজন জাতির সঙ্গে তামাশা: রাশেদ প্রধান
সংবিধান সংশোধনের নামে নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সংবিধান সংস্কারের কথা বলে নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনা স্বৈরতন্ত্রের আলামত। তার দাবি, সংবিধান সংস্কারের জন্য ইতোমধ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং দেশের জনগণ বিপুল ভোটে সংস্কারের পক্ষে মত দিয়েছে।
রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তোলার সময় বিএনপি আলাদা গণভোট আয়োজনের বিরোধিতা করেছিল। তখন রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের যুক্তি দেখিয়ে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের কথা বলা হয়েছিল।
তিনি প্রশ্ন তুলে বলেন, এখন নতুন করে গণভোট আয়োজন করলে রাষ্ট্রের অর্থ ব্যয় হবে না কি?
রাশেদ প্রধান আরও বলেন, স্বৈরাচার হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের প্রয়োজন নেই। সংবিধান সংস্কারের গণভোট হয়ে গেছে। এখন গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
তা না হলে দেশ, জাতি ও জনগণের সঙ্গে গাদ্দারি করার অপরাধে ক্ষমতাচ্যুত হওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।