প্রবাস

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের এক যৌথ অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় জনগণের সহযোগিতায় কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়। এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে দেশে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ার পশ্চিম উপকূলের বিভিন্ন রাজ্যে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল।

মোহাম্মদ ইউসুফ আরও জানান, আটক ব্যক্তিদের সকলকে তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি), এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে।

অভিযানটি সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ শ্রমিক প্রবেশ প্রতিরোধে জেআইএম-এর চলমান তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।