প্রবাস
সৌদি আরবসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে সৌদি আরবসহ সাত দেশের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা সঠিক ঠিকানা না দেওয়ায় ব্যালট পেপার পাঠানো সম্ভব হচ্ছে না; তাই নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, “সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়। ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত এই সাত দেশে নিবন্ধন বন্ধ থাকবে।”
ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সংখ্যা সাড়ে ৫১ হাজার ছাড়িয়েছে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে: দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও বহু দেশ।
দেশের ভিতরের বিশেষ ভোটারদের নিবন্ধন: বাংলাদেশে বসবাসরত ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটে নিবন্ধন করতে পারবেন।