প্রবাস

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পুলিশ বিভাগ।

দেশটির এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে পরিবার ও স্বজনদের মধ্যে। দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি। তাদের বয়স ২৭ বছর। গত বৃহস্পতিবার পৃথক সময় তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করা জামিল লিমনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাম্পা শহরে তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় শেরিফ অফিসে নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, রাসায়নিক প্রকৌশলের পিএইচডি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। তার নিখোঁজের বিষয়টিও বিশ্ববিদ্যালয় পুলিশ রেকর্ড করেছে।

কর্তৃপক্ষের ধারণা, লিমন ও বৃষ্টি একে অপরের বন্ধু হওয়ায় তারা একসঙ্গে থাকতে পারেন। তবে পরিবারের দাবি, তাদের এমন আচরণ স্বাভাবিক নয়।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বলেন, “সে খুব দায়িত্বশীল। কাউকে না জানিয়ে কোথাও চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।” একইভাবে বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, তার বোন প্রতিদিন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নিখোঁজ হওয়ার দিনও স্বাভাবিকভাবে কথা হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তা করেছিলেন, যদিও সাম্প্রতিক সময়ে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না।

তদন্ত সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ, আইপ্যাডসহ প্রয়োজনীয় জিনিসপত্র ল্যাবে রেখে যান, সঙ্গে ছিল না তার ফোন ও পার্স। অন্যদিকে লিমনের পাসপোর্ট তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লিমনের মোবাইল ফোন সর্বশেষ সকাল ১১টার দিকে তার বাসার আশপাশে এবং বৃষ্টির ফোন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সক্রিয় ছিল। তবে এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থাকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিখোঁজ দুই শিক্ষার্থী তাদের হেফাজতে নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।