প্রবাস

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী 
ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ (১ মিলিয়ন) আমিরাতি দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকার বেশি। একই ড্রয়ে ভারতীয় আরও চার প্রবাসীও সমপরিমাণ অর্থের পুরস্কার পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রকাশিত গালফ নিউজ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেটের ২৮৮তম সিরিজের ড্রতে বাংলাদেশ ও ভারতের পাঁচজন প্রবাসী বিজয়ী হয়েছেন। প্রত্যেকে ১০ লাখ আমিরাতি দিরহাম করে জিতে মোট ৫০ লাখ (৫ মিলিয়ন) দিরহাম পুরস্কার অর্জন করেছেন।

বাংলাদেশি বিজয়ী মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ৩৫৯৬৮৫। প্রথমবার নয়, বরং দীর্ঘদিন ধরে অংশ নেওয়া এবং নতুন অংশগ্রহণকারী—উভয় ধরনের বিজয়ীই এবার পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে আয়োজকরা।

বিজয়ীরা জানিয়েছেন, এই অর্থ দিয়ে তারা পরিবারের আর্থিক সহায়তা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করছেন।

এদিকে ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাতপ্রবাসী উপেন্দ্রন সিজু প্রায় এক দশক ধরে নিয়মিত চেষ্টা করার পর অবশেষে ১০ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন। ৪০ বছর বয়সী সিজু পেশায় একজন অপারেশনস ইন-চার্জ এবং গত ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।

বন্ধুদের মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে জানতে পেরে গত নয় বছর ধরে ২০ সদস্যের একটি দল নিয়ে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন তিনি।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সিজু বলেন, “লটারি জয়ের ফোন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও ভীষণ বিস্মিত হয়েছিলাম।” তিনি জানান, নিজের অংশের অর্থ দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধ করবেন। পাশাপাশি ভবিষ্যতেও বিগ টিকেটে অংশ নেওয়া চালিয়ে যাবেন।

অন্যদিকে, আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দন গত ২৯ বছর ধরে আমিরাতে বসবাস করছেন এবং ১২ বছর ধরে নিয়মিত বিগ টিকেটে অংশ নিচ্ছেন। তেল ও গ্যাস খাতের এই সুপারভাইজার ২৭ জনের একটি দলের সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতেন।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো বিজয়ী হয়ে রবীন্দন বলেন, “আমি খুবই আনন্দিত। পুরস্কারের অর্থ আমাদের দলের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আমার অংশ দিয়ে দেশে থাকা পরিবারকে সহায়তা করব, বিশেষ করে আমার মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করব।”

তিনি জানান, ভবিষ্যতেও বিগ টিকেটে অংশ নেবেন এবং অন্যদেরও নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সূত্র: গালফ নিউজ