ধর্ম

চট্টগ্রামের সন্তান মুখতার আলমের হাতের লেখায় সাজে পবিত্র কাবার গিলাফ


ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:২০ পিএম

চট্টগ্রামের সন্তান মুখতার আলমের হাতের লেখায় সাজে পবিত্র কাবার গিলাফ
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফের কালো গিলাফে সোনালি ও রুপালি সুতোয় খচিত কোরআনের আয়াত ও নান্দনিক আরবি ক্যালিগ্রাফি মুসলিম বিশ্বের কাছে সৌন্দর্য, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। আর সেই মহিমান্বিত শিল্পকর্মের নেপথ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালিগ্রাফার মুখতার আলম শিকদার, যার হাতের লেখায় সাজে কাবার গিলাফ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন মুখতার আলম। তার বাবা মফিজুর রহমান বিন ইসমাঈল শিকদার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। বাবার কর্মসূত্রে মাত্র চার বছর বয়সেই তিনি পরিবারের সঙ্গে সৌদি আরবে পাড়ি জমান। সেখানেই তার বেড়ে ওঠা ও শিক্ষাজীবন সম্পন্ন হয়।

পরবর্তীতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত আছেন।

কাবার গিলাফ বা ‘কিসওয়া’র সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হয় ১৪২২ হিজরিতে। জেদ্দার খ্যাতিমান ব্যবসায়ী ও ক্যালিগ্রাফার মুহাম্মাদ সালেম বাজনাইদের সুপারিশে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেন। পরে বিশেষ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০২ সালে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসওয়ায় ক্যালিগ্রাফার হিসেবে যোগ দেন।

বর্তমান কিসওয়ার নকশা বিখ্যাত ক্যালিগ্রাফার শাইখ আবদুর রহিম আমিন বুখারির তৈরি ‘সুলুস’ লিপির ওপর ভিত্তি করে নির্মিত। এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেও মুখতার আলম আধুনিক প্রযুক্তি ও নতুন কৌশল সংযোজনের মাধ্যমে ক্যালিগ্রাফি শিল্পকে আরও সমৃদ্ধ করেছেন।

তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেন তিনি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মধ্যে তিনি নির্বাচিত হন। সেই তালিকায় একমাত্র ক্যালিগ্রাফার ছিলেন মুখতার আলম।

ক্যালিগ্রাফির পাশাপাশি তিনি মক্কার ইনস্টিটিউট অব হলি মস্ক পরিচালিত একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তার হাতের নিপুণ ছোঁয়ায় প্রতি বছর কাবার গিলাফ নতুন রূপে সজ্জিত হয়, যা কোটি কোটি মুসলমানের দৃষ্টি আকর্ষণ করে।

চট্টগ্রামের এক ছোট জনপদ থেকে উঠে এসে ইসলামের সবচেয়ে পবিত্র স্থাপনার অলংকরণের দায়িত্ব পালন মুখতার আলম শিকদারের এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের এবং সমগ্র মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।