সারাদেশ

নারীকে ‘আপনি কি সেই মাল’ বরে মন্তব্য, পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

নারীকে ‘আপনি কি সেই মাল’ বরে মন্তব্য, পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ না করার অভিযোগ রয়েছে।

শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এফ. এম. ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হককে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এক নারী বাদী স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা করতে গেলে থানায় অপদস্ত হওয়ার অভিযোগ তোলেন। তার দাবি, মামলা গ্রহণে গড়িমসি করা হয় এবং ন্যায়বিচার পেতে তাকে হয়রানির শিকার হতে হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওসি মো. এনামুল হক ওই নারীকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় বলেন, ‘আপনি কি সেই মাল?’—এ ঘটনায় তিনি অপমানিত ও বিব্রত হন বলে দাবি করা হয়।

এ বিষয়ে উপস্থিত এক স্থানীয় নারী নেত্রীও একই ধরনের মন্তব্যের অভিযোগের কথা জানান।

এছাড়া স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগীদের অভিযোগ, ওসি সরকারি নম্বরে ফোন রিসিভ না করায় জরুরি পরিস্থিতিতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন।

তবে তাকে প্রত্যাহারের অফিস আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধুমাত্র ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে।