সারাদেশ

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের কাঞ্চন সরদার বাড়ি এলাকায়।

নিহত ব্যক্তির নাম মোঃ নজরুল সরদার (৪৫)। তিনি ওই এলাকার কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন সরদারের চার ছেলের মধ্যে বড় ছেলে হারুন সরদার এবং ছোট ছেলে মজিবুর সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধে তৃতীয় ভাই সৌদি প্রবাসী নজরুল সরদার ছোট ভাই মজিবুরের পক্ষে অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বড় ভাই হারুন সরদার।

দুপুরে জোহরের নামাজ আদায়ের সময় মসজিদে থাকা অবস্থায় নজরুল সরদারের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের পক্ষে কথা বলায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।