সারাদেশ
ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৫ আগস্ট) রাতে তাকে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষের খাটের এক কোণে বসে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতাদের নজরে আসে। এরপর দলীয় নীতি ও আদর্শবিরোধী এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাওন খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন শাওন খান। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে তাকে হেয় করতে ভিডিওটি তৈরি করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, তারা ভিডিওটি পেয়েছেন এবং বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, সাংগঠনিকভাবে শাওন খানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।