সারাদেশ
বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ছেলের
কুমিল্লার মনোহরগঞ্জে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক বিল্লাল হোসেন (শিপন) নিহত হয়েছেন। বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথেই বাসচাপায় ঝরে যায় তার প্রাণ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়কাচি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিপন (২৪) বিপুলাসার ইউনিয়নের বড়কাচি গ্রামের নাহার বাড়ির প্রয়াত মনু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১৮ দিন আগে শিপনের বাবা আব্দুল খালেক মারা যান। বাবা মারা যাওয়ার খবর শুনেই প্রবাস থেকে ছুটে আসেন শিপন। সৌদি আরব থেকে দেশে ফেরেন ২৬ জুন। ফিরে এসেই বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দান-খয়রাত করেন তিনি।
বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করে ফেরার সময় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন শিপন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে শিপনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘাতক বাসের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিপনের মরদেহ বাড়িতে নিয়ে যান। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শোকস্তব্ধ পরিবারে চলছে কান্নার রোল। একে একে মাত্র ১৮ দিনের ব্যবধানে হারিয়ে ফেলেছেন দুই প্রিয়জন—স্বামী ও ছেলে। মা আফিয়া খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছেন না।
শিপনের বড় ভাই নাছির হোসেন বলেন, “বাবা মারা যাওয়ার পর শিপন দেশে এসেছিল। অনেক কিছু আয়োজন করেছিল বাবার জন্য। কে জানতো বাবার কবর জিয়ারত করতে গিয়ে ও নিজেই ওই কবরেই শায়িত হবে।”
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “দুর্ঘটনার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”