সারাদেশ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চালকের ঘুমে ভয়াবহ যানজট
ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে মেঘনা পর্যন্ত যান চলাচল গভীর রাত থেকে প্রায় স্থবির। কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনার পাশাপাশি কয়েকজন ট্রাকচালক মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
জানানো হয়, এই যানজট শুধু ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককেই নয়, সংলগ্ন সড়কগুলোতেও প্রভাব ফেলেছে। যাত্রাবাড়ি থেকে তারাবো ও বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলোও স্থবির হয়ে পড়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
সোহাগ পরিবহন শিমরাইল কাউন্টার ম্যানেজার মনির হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি সকাল ১০টার সময়ও শিমরাইলে পৌঁছায়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, “সোমবার (২৫ আগস্ট) রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে যানজট সৃষ্টি হয়। এরপর যানজটে আটকে পড়া ট্রাকচালকরা ঘুমিয়ে পড়েন, ফলে যান চলাচল আরও দীর্ঘ হয়ে যায়।”
তিনি আরও জানান, ট্রাকচালকদের ঘুম থেকে জাগিয়ে সচল করার চেষ্টা চলছে। ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিছুটা সময় লাগবে।