সারাদেশ
স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া সেই ব্যক্তির পরিচয় মিলল, যা বললেন তিনি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের চামচে ফুঁ দেওয়ার ঘটনায় আলোচিত সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ, যিনি বর্তমানে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত।
গত ২৫ মে হঠাৎ করেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে নিজেই তা স্বাদ নেন।
রান্না করা তরকারি গরম থাকায় মন্ত্রী যখন চামচে ফুঁ দিচ্ছিলেন, তখন তার পাশে থাকা ডা. রিয়াজও একই চামচে ফুঁ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা যায়, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা। তার বড় ভাই একজন যুগ্ম সচিব। ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসা ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন দায়িত্ব পালনের পর আবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফিরে আসেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ওই কমিটি স্থগিত রয়েছে।
ঘটনা প্রসঙ্গে ডা. রিয়াজ বলেন, তিনি কোনো ধরনের তোষামোদ করার উদ্দেশ্যে এমনটি করেননি। তার ভাষায়, মন্ত্রী যে খাবারটি পরীক্ষা করছিলেন তা অত্যন্ত গরম ছিল, তাই স্বাভাবিকভাবেই ঠান্ডা করার জন্য ফুঁ দিয়েছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এত সমালোচনা হবে তা তিনি কল্পনাও করেননি।
তিনি বলেন, অনেক সময় পাশে থাকলে মানুষ হঠাৎ করেই কিছু কাজ করে ফেলে, যা আগে থেকে ভেবে করা হয় না। তবে এ ঘটনার পর ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানান তিনি।