সারাদেশ
আল্লাহর কী নেয়ামত, প্রধানমন্ত্রীর পদার্পণের পরে বৃষ্টি থেমে গেল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সকাল থেকে টানা বৃষ্টি হলেও প্রধানমন্ত্রীর আগমনের পর তা থেমে যায়, যা তিনি ‘আল্লাহর নেয়ামত’ হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পাবলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছানোর পর আল্লাহর রহমতে বৃষ্টি থেমে যায়। তিনি এ ঘটনাকে বিশেষ নেয়ামত হিসেবে আখ্যা দেন এবং বলেন, এটি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিবারের প্রতি আল্লাহর রহমতের প্রতিফলন।
তিনি আরও জানান, পাবলিখালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং শুকনো মৌসুমে পানির সংরক্ষণ নিশ্চিত করতে খালে রেগুলেটর নির্মাণ করা হবে। এর ফলে প্রায় আট হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং প্রায় ৪০ হাজার মানুষ এর সুবিধা পাবেন।
ফরহাদ হোসেন বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। এটি শহীদ জিয়ার আদর্শের রাজনীতিরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।