সারাদেশ
ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের প্রাণহানি
কক্সবাজারে টানা ভারী বৃষ্টির কারণে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা ক্যাম্প ও শহরের বিভিন্ন এলাকায় মিলিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরের দিকে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এসব ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন প্রাণ হারান।
অন্যদিকে, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড়ধসে চাপা পড়ে একই পরিবারের তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন এবং তা এখনও অব্যাহত রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, আগামী দু’দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।