সারাদেশ

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যার পানিতে চারদিক প্লাবিত, এমন পরিস্থিতিতে চট্টগ্রামের লোহাগাড়ায় এক প্রসূতি নারীকে বুকসমান পানি পেরিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া প্রসূতি মিজবাহুল জান্নাত (২২) স্থানীয় বাসিন্দা ও সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো এলাকা পানিতে তলিয়ে গেলে তার প্রসববেদনা শুরু হলেও হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না।

পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাত প্রায় দুইটার দিকে তার প্রসববেদনা ওঠে। বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হলেও রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় কোনো যানবাহন চলাচল সম্ভব হচ্ছিল না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকর্মীরা বুকসমান পানি পেরিয়ে স্ট্রেচারে করে মিজবাহুল জান্নাতকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে সেখানে আগে থেকে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে তুলে তাকে হাসপাতালে পাঠানো হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব কম হলেও পুরো পথজুড়ে পানি থাকায় উদ্ধার অভিযান বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তবুও দ্রুত সময়ের মধ্যে প্রসূতিকে নিরাপদে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।