সারাদেশ
কক্সবাজারে পাহাড়ধসে ও পানিতে ডুবে আরও ৩ জনের প্রাণহানি
কক্সবাজারে টানা আট দিনের ভারী বৃষ্টি কিছুটা কমলেও প্লাবিত এলাকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এর মধ্যেই পাহাড়ধস ও বন্যার পানিতে ডুবে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে গত ৪ জুলাই থেকে টানা বর্ষণে পাহাড়ধস ও ঢলের পানিতে ভেসে, রোহিঙ্গাসহ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের পূর্ব কলাতলীর ঝিরিঝিরি পাড়ায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হন। তিনি আব্দুল মজিদের স্ত্রী ও তিন সন্তানের জননী। এ ঘটনায় তার স্বামী আব্দুল মজিদ (৩৭) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে খাবারের প্রস্তুতির সময় রোজিনা রান্নাঘর থেকে খাবারের পাতিল আনতে গেলে হঠাৎ পাহাড়ধসে রান্নাঘরের ওপর মাটি ধসে পড়ে। এতে তিনি মাটিচাপা পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে প্রায় দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসাইন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধার করার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।
এদিকে একই রাতে পেকুয়া উপজেলার বলিরপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, রাতের খাবারের সময় মা-বাবার অগোচরে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে জমে থাকা পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করলে স্থানীয়রা মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী জলদাসপাড়ায় শনিবার বিকেলে বন্যার পানির স্রোতে ভেসে যায় সজীব জলদাস (১২)। নিখোঁজের পর ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্বজনদের তল্লাশির একপর্যায়ে রবিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।