সারাদেশ

প্রেমের টানে চীনা যুবক ব্রাহ্মণবাড়িয়ায়, ইসলাম গ্রহণ শেষে করলেন বিয়ে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

প্রেমের টানে চীনা যুবক ব্রাহ্মণবাড়িয়ায়, ইসলাম গ্রহণ শেষে করলেন বিয়ে
ছবি: সংগৃহীত

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসে ইসলাম গ্রহণ করে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। তিন মাসের পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের পরিণতিতে এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

জানা যায়, চীনের নাগরিক সোহান চাও (৩৮) বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় মোহাম্মদ। এরপর কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের বাসিন্দা আয়েশা সুলতানা (২১)-এর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন এবং এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে রয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আয়েশার বাড়িতে ভিড় করেন স্থানীয় কৌতূহলী মানুষজন। আয়েশা সুলতানা জানান, প্রায় তিন মাস আগে ‘ওয়ালটপ’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের মাধ্যমে সম্পর্ক গভীর হলে গত ১২ জুন বাংলাদেশে আসেন সোহান। পরে ১৪ জুন তাকে নিয়ে ঢাকায় যান আয়েশা।

ঢাকায় গিয়ে আইনজীবীর মাধ্যমে সোহানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পরিবারের সম্মতিতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আয়েশার বাবা আবদুল আলিম বলেন, সোহান বাংলাদেশে আসার পর তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। ইসলাম গ্রহণের পর মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা ঢাকায় বসবাস করছেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে স্থানীয়দের কেউ কেউ এ ধরনের ঘটনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই জরুরি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।