সারাদেশ
সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর মিলল নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ
বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সাঙ্গু নদীর তিন্দুমুখ ও রাজাপাথর এলাকার মাঝামাঝি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে বিকেলে তারা তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে রেমাক্রীর উদ্দেশে রওনা দেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন আরোহী ছিলেন।
রেমাক্রীর পথে রাজাপাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে সাত আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মাহিয়ান নিখোঁজ হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা টানা দুই দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
রবিবার সকালে তিন্দুমুখ ও রাজাপাথরের মাঝামাঝি এলাকায় মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
নিহত মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল অবস্থান করছে। উদ্ধারকারী দল ফিরে এলে ঘটনার বিস্তারিত জানা যাবে।