সারাদেশ
কর্ণফুলী নদীতে ভাসতে থাকা বস্তা থেকে বেরিয়ে এলো তরুণীর মরদেহ
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তার ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এ ছাড়া আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।