সারাদেশ
সাকিবের বাড়ির পর এবার নওফেলের বাসায় আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ
চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজে রাত দুইটার দিকে বাড়ির সামনে কয়েকজন তরুণকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে এবং বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জের ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
এর আগে একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।