সারাদেশ

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা, সেই লাবিব পেলেন গোল্ডেন জিপিএ-৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা, সেই লাবিব পেলেন গোল্ডেন জিপিএ-৫
ছবি: সংগৃহীত

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নোয়াখালীর শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব এবার গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্য ইতোমধ্যেই অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুল থেকে ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩১ জন জিপিএ-৫ পায়, আর তাদের মধ্যেই রয়েছেন লাবিব।

গত ২০ মে জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষার দিনই জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয় সে। আগের রাতে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মফিদুল আলম। পরদিন বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষার শেষ বিষয়ে অংশ নিতে কেন্দ্রে যায় লাবিব। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার জানাজা ও দাফন সম্পন্ন করে সে। ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

লাবিবের বাবা মফিদুল আলম চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবারের সদস্যদের ভাষ্য, সন্তানের ভালো ফলাফল ও উচ্চশিক্ষাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন।

গভীর শোকের মধ্যেও সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই পরীক্ষায় অংশ নেয় লাবিব। ফলাফল প্রকাশের পর সে জানায়, বাবার ইচ্ছাই তাকে সাহস জুগিয়েছে। তবে সাফল্যের এই মুহূর্তে বাবাকে পাশে না পাওয়ার কষ্টও প্রকাশ করে সে।

নোয়াখালী জিলা স্কুলের এক শিক্ষক জানান, লাবিব সব সময়ই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিল। ব্যক্তিগত জীবনের এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে পরীক্ষায় অংশ নেওয়া এবং গোল্ডেন জিপিএ-৫ অর্জন করা তার দৃঢ় মানসিকতার পরিচয় বহন করে।