সারাদেশ

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ইউনিক বাসের ধাক্কা, নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ইউনিক বাসের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, মহাসড়কে একটি কাভার্ডভ্যান নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও সহকারী এবং বাসচালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, সহকারী ও ইউনিক বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান, ইউনিক বাস ও লং ভেহিকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আবু নোমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় সেটি সরানোর জন্য চালক ও সহকারী নিচে নেমেছিলেন। একটি লং ভেহিকেলের সঙ্গে রশি দিয়ে কাভার্ডভ্যানটি বেঁধে সরানোর চেষ্টা চলছিল। এ সময় পেছন দিক থেকে ইউনিক বাসটি এসে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের কর্মীরা সামনের লং ভেহিকেলের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।