সারাদেশ

সুবর্ণচরে হেলপার চালাচ্ছিল বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত ১২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

সুবর্ণচরে হেলপার চালাচ্ছিল বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত ১২
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বাঁধন’ পরিবহনের একটি বাস রাস্তার পাশে উল্টে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাসটি হেলপার চালাচ্ছিলেন বলে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে সুবর্ণচরের দিকে যাচ্ছিল। সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি ছিল অনেক বেশি। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সরে যান বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত এক যাত্রী দাবি করেন, সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি অস্বাভাবিক বেশি ছিল। একপর্যায়ে হেলপারই বাসটি চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানান তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি বাঁধন পরিবহনের বাসটিকে বেপরোয়া গতিতে চলতে দেখেছেন। বাসটি তার অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে দ্রুতগতিতে পাশ কাটিয়ে চলে যায়। অল্পের জন্য তারাও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান।

সুবর্ণচর ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তারা সেখানে যাওয়ার আগেই বাসের সব যাত্রী বের হয়ে যান।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।