সারাদেশ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫
ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। নদী থেকে বালু উত্তোলন, দখল ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিভাজন আরও তীব্র হয়। একই সঙ্গে দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা আলাদা অবস্থান নেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে উভয়পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের একপর্যায়ে গুলি চালানো হলে ইদন মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় আরও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিএনপির এই দুই গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সম্পৃক্ত রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এর ফলেই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুম মিয়ার নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী ও পতিত আওয়ামী লীগ কর্মীদের নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।”

এ বিষয়ে কাইয়ুম মিয়ার বক্তব্য জানার জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, “সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।”