সারাদেশ
ঘনকুয়াশা ও বেপরোয়া গতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪টি দুর্ঘটনা
অতিরিক্ত ঘনকুয়াশা ও বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ও যমুনা সেতুর ওপর পরপর চারটি স্থানে বাস ও ট্রাকের দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। রোববার (৪ জানুয়ারি) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ ও যমুনা সেতু পূর্ব থানার সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, শনিবার রাতে ঘনকুয়াশার কারণে যমুনা সেতুর ওপর একটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে প্রায় দুই ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে। এতে সেতুর উভয় পাশে সাময়িক যানজট সৃষ্টি হলেও যানবাহন দ্রুত অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এছাড়া ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া, ধলাটেংগর ও আনালিয়াবাড়ী এলাকায় আরও তিনটি দুর্ঘটনা ঘটে। এসব স্থানে দুটি বাস ও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের পাশে উল্টে পড়ে। তবে এসব দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
যমুনা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রিয়াদ-উল হাসান জানান, ঘনকুয়াশার কারণে সেতুর ওপর একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে প্রায় দুই ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। পরে দ্রুত যানবাহন অপসারণ করা হলে টোল আদায় ও যান চলাচল স্বাভাবিক হয়। একই রাতে মহাসড়কের আরও তিনটি স্থানে দুর্ঘটনার ঘটনা ঘটে বলে তিনি জানান।