সারাদেশ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের পোড়া মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের পোড়া মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি নারীর এবং অপরটি একটি ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে সেখানে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি গুরুতরভাবে দগ্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি এর আগেও একাধিকবার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আলোচনায় আসে। গত বছরের ২৯ আগস্ট রাতে এখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১১ অক্টোবর রাতে একই স্থান থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ পাওয়া যায়। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এসব ঘটনায় এখনো কোনো নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এবং একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে এই স্থানের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।