সারাদেশ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গাবতলী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।

শ্রমিকদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন, ওভারটাইমের টাকা এবং বোনাস বকেয়া রয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। বকেয়া পাওনা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

কারখানার কাটিং ম্যান আব্দুল খালেক বলেন, গত দুই মাস ধরে শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা দেওয়া হচ্ছে না। সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিকরা ক্ষোভে সড়কে নেমে আন্দোলন করছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।

পরে মালিকপক্ষ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। এতে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।