সারাদেশ

‘পাগলা’ মহিষের তাণ্ডবে আহত ১১ জন, জবাই করে মাংস বিক্রি করলো গ্রামবাসী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:৪১ পিএম

‘পাগলা’ মহিষের তাণ্ডবে আহত ১১ জন, জবাই করে মাংস বিক্রি করলো গ্রামবাসী
‘পাগলা’ মহিষের তাণ্ডবে আহত ১১ জন, জবাই করে মাংস বিক্রি করলো গ্রামবাসী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি উন্মত্ত মহিষের হামলায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে মহিষটিকে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় মহিষটির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামার থেকে একটি মহিষ নিখোঁজ হয়। কয়েকদিন পর সেটি উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে দেখা যায়। সেখানে হঠাৎ মহিষটি স্থানীয়দের ওপর আক্রমণ শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহিষের হামলায় আহতদের মধ্যে রয়েছেন রাজিব মিয়া, মাসুম মিয়া, আলমগীর হোসেন, সাদমান হোসেন, মেহেদী হাসান, শরীফ মিয়া, জাকারিয়া, ইসমাইল হোসেন, ইব্রাহিম মিয়া ও ফজলে রাব্বিসহ আরও কয়েকজন। গুরুতর আহত জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে মহিষটিকে আটকে জবাই করা হয়। পরে মাংস বিক্রি করে প্রাপ্ত অর্থ মালিককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে মহিষটির মালিক আলী আকবর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, খামার থেকে নিখোঁজ হওয়ার পর তিনি প্রাণীটিকে খুঁজছিলেন। পরে জানতে পারেন মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। কিন্তু তাকে না জানিয়েই স্থানীয়রা মহিষটি জবাই করে ফেলেছেন।

এ ঘটনায় সোমবার সকালে তিনি আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজন হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।