সারাদেশ
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোরে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও একজন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।