সারাদেশ
‘ও আমার বউ নিয়ে গেছে, তাই প্রতিশোধ নিতে আমি ওর বউ নিয়ে এসেছি’
টাঙ্গাইলের মির্জাপুরে একে অপরের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ এক ব্যক্তি অভিযুক্ত প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন, যা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
একই এলাকায় একটি বেসরকারি সংস্থায় বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার বাসিন্দা রাজু মিয়া। পাশাপাশি বসবাসের কারণে রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে হাসানের স্ত্রী জহুরা আক্তারের সঙ্গে রাজু মিয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৭ মে তারা একসঙ্গে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন হাসান।
হাসানের দাবি, চলতি মাসের ৪ জুন তিনি সাতক্ষীরা থেকে রাজু মিয়ার স্ত্রী মরিয়মকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে এসে বিয়ে করেন। নিজের এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, “ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি।” তিনি আরও দাবি করেন, পরকীয়া সম্পর্কের শাস্তি দিতেই তিনি এ কাজ করেছেন।
এদিকে একে অপরের স্ত্রীকে নিয়ে যাওয়ার এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। কিছু স্থানীয় বাসিন্দা হাসানকে সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দিয়েছেন বলে জানা গেছে।
বাঁশতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান সিরাজ বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন এবং এলাকায় এ নিয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।