সারাদেশ

নারায়ণগঞ্জে লেকে গোসলে নেমে প্রাণ গেল একই পরিবারের তিনজনের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২৮ পিএম

নারায়ণগঞ্জে লেকে গোসলে নেমে প্রাণ গেল একই পরিবারের তিনজনের
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান এবং নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরাম মিয়ার ছেলে গালিব ও মেয়ে সুরাইয়া আক্তার। তারা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শ্যালিকা। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় অ্যাডভোকেট জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাশেদুজ্জামান তার শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়াকে নিয়ে ডিএনডি লেকে গোসল করতে নামেন। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পানিতে তল্লাশি চালিয়ে প্রথমে রাশেদুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পর্যায়ক্রমে গালিব ও সুরাইয়া আক্তারের মরদেহও উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।