সারাদেশ

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:২৫ পিএম

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি রাতুল শিকদার ওরফে অমিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপকে কেন্দ্র করে। ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, রাতুল শিকদার এক ব্যক্তির কাছে জোরপূর্বক চাঁদা দাবি করছেন এবং টাকা না দিলে হুমকি দিচ্ছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রধানমন্ত্রী আইলেও কাজ হইব না।’ তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এদিকে, বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেডিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মঙ্গলবার সকালে টঙ্গী পশ্চিম থানায় রাতুল শিকদারসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে চাঁদা দাবি করে আসছিলেন। এমনকি টাকা না পেয়ে কয়েক মাস আগে মাজহারুল ইসলামকে অপহরণ করে ৬৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রাতুল শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।