সারাদেশ
মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
মাদারীপুর সদর মডেল থানায় বারান্দার গ্রিল ভেঙে গ্রেফতার হওয়া এক নারী আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসারসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগম (৩৫) পৌরসভার থানতলী এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগমকে আটক করা হয়। সদর থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেখানে হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়।
রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকসেদুর রহমান গণমাধ্যমকে জানান, তিনি এ বিষয়ে কথা বলতে পারবেন না এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এদিকে আসামি পালানোর ঘটনায় শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, অস্থায়ী স্থাপনায় আসামিকে রাখা হয়েছিল। বারান্দার গ্রিল ভেঙে পালানোর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।