সারাদেশ
কিশোরগঞ্জে হাওরে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা
পরিবারের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন কিশোরগঞ্জের এক ফিজিওথেরাপিস্ট। মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন বাছির উদ্দিন মিলন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরের পাশে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরিবার নিয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে একপর্যায়ে তারা নৌকা থামিয়ে গোসল করতে নামেন।
গোসলের সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় মিলনের মেজো মেয়ে মন্ত্রী আক্তার। মেয়েকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেন তিনি। প্রাণপণ চেষ্টা করে মেয়েকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতের সঙ্গে আর লড়াই করতে পারেননি বাছির উদ্দিন মিলন। কিছুক্ষণের মধ্যেই পানির নিচে তলিয়ে যান তিনি।
পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। একটি আনন্দঘন পারিবারিক ভ্রমণ অল্প সময়ের মধ্যেই পরিণত হয় গভীর শোকে।
রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, মেয়েকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে বাছির উদ্দিন মিলনের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।