সারাদেশ
৮ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তবুও পাস করলো না কেউ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়ের চিত্র দেখা গেছে। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন ৮ জন, অথচ পরীক্ষার্থী ছিল মাত্র ৫ জন। তবুও কেউই পাস করতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া পাঁচজন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এমন ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীর তুলনায় শিক্ষক বেশি থাকা সত্ত্বেও কেন একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারল না—তা নিয়ে চলছে আলোচনা। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।
বিশেষ করে, মাত্র পাঁচজন শিক্ষার্থীকে পরীক্ষার জন্য প্রস্তুত করার সুযোগ থাকার পরও সবাই অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের একাডেমিক মান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থী কম হলে প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি থাকে। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, কোথাও বড় ধরনের ঘাটতি রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির বলেন, তিনি বর্তমানে বাইরে রয়েছেন এবং ফলাফল সম্পর্কে এখনও বিস্তারিত জানেন না।
অন্যদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া জানিয়েছেন, দ্রুতই প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হবে এবং এমন লজ্জাজনক ফলাফলের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করা হবে।